দায়িত্ব গ্রহণের পর আজ ২৮ জুলাই প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দৈনিক শিক্ষা ডটকমকে তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তুতি চলছে। সোমবার গভীর রাত পর্যন্ত মন্ত্রণালয় অধিনস্ত বিভিন্ন দপ্তরের ও সংস্থা থেকে প্রেজেন্টেশন রেডি করে আনা হয়েছে।
জানা গেছে, পরিদর্শনকালে কালে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন।
এ ছাড়া পরিদর্শনকালে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত এবং দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনের কারণে মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের কাজ আরও ত্বরাণ্বিত হবে এবং বিভিন্ন সমাস্যার সমাধান পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
