নবপ্রকাশ ডেস্ক:
ইসরায়েলকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানো আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হেইমির হালগ্রিমসনের পাশে দাঁড়িয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। কোচকে উদ্দেশ্য করে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) করা পাল্টা মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।
নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগে আইরিশ কোচ হালগ্রিমসন মন্তব্য করেছিলেন, তারা গণহত্যার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিপক্ষে খেলছেন, তাদের সঙ্গী হিসেবে নয়। জবাবে আইএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে হালগ্রিমসনের বক্তব্যকে ‘অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতা’ বলে তীব্র সমালোচনা করে।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আইরিশ কোচের বিরুদ্ধে ইসরায়েলি ফুটবল সংস্থার এমন মন্তব্য সম্পূর্ণ অনুচিত এবং তা প্রত্যাহার করা উচিত। একই সঙ্গে তিনি গাজায় চলমান ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে আয়ারল্যান্ডের ১৬০ জনের বেশি ক্রীড়াবিদ ম্যাচ বয়কটের আহ্বান জানালেও, উয়েফার কঠোর ক্রীড়া ও আর্থিক শাস্তির আশঙ্কায় খেলছে আয়ারল্যান্ড। নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরির ডেব্রেসেনে এবং ৪ অক্টোবরের ম্যাচটি সার্বিয়ার বাক্কা টোপোলায় স্থানান্তরিত করা হয়েছে।
