ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অবসরের পর মেসিকে নিয়ে বড় পরিকল্পনা মায়ামির

অবসরের পর মেসিকে নিয়ে বড় পরিকল্পনা মায়ামির

স্পোর্টস ডেস্ক :

আর্জেন্টিনার জার্সিতে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু ফুটবলে তার গল্প এখনই শেষ হচ্ছে না। যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটাচ্ছেন মেসি, আর তাকে খেলোয়াড় হিসেবে পাওয়ার সময়টুকুর পরও সম্পর্কটা ধরে রাখার পরিকল্পনা করছে ইন্টার মায়ামি।

মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম পর্যন্ত। আপাতত মাঠের মেসিকে নিয়ে ক্লাবের নিশ্চিত পরিকল্পনা সেখান পর্যন্তই। তবে এর পর কী হবে, সেটি নিয়েও ভাবতে শুরু করেছে মায়ামি।

২০২৩ সালে এমএলএসে পাড়ি জমান মেসি। মেসির আগমনের পর মাঠের পাশাপাশি বাণিজ্যিকভাবেও বদলে গেছে মায়ামি। চুক্তির সব বিষয় হিসাব করলে মেসিকে রাখতে বছরে ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয় ক্লাবটির।

তবে মেসির আগমনের পর মায়ামির বাণিজ্যিক মূল্য ও আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালে ক্লাবটির মূল্যায়ন হয়েছে ১.৩৫ বিলিয়ন ডলার এবং আয় হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। তাই ২০২৮ সালের পর তাকে হারানোকে কেবল একজন তারকা খেলোয়াড়কে হারানো হিসেবে দেখছে না ক্লাবটি।

মায়ামির ব্যবসায়িক কার্যক্রমের সভাপতি জাভিয়ের আসেনসি জানিয়েছেন, মেসি খেলা ছাড়ার পরও তাকে ইন্টার মায়ামির সঙ্গে যুক্ত রাখতে চায় ক্লাব। এমনকি ভবিষ্যতে মেসিকে ক্লাবের মালিকানা কাঠামোর অংশ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আসেনসির ভাষায়, ‘মেসি যখন পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন, তখন ইন্টার মায়ামিতে তার সময় ও ভূমিকার জন্য একটি জায়গা রাখতে চায় ক্লাব। খেলোয়াড় থাকা অবস্থায় এমএলএসের নিয়মের কারণে মালিকানা নেওয়ার সুযোগ না থাকলেও অবসরের পর সেই পথ খুলে যেতে পারে।’

মেসিকে ধরে রাখার এই পরিকল্পনার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন স্টেডিয়াম, ক্লাবের বাণিজ্যিক সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রের ফুটবলে এমএলএসের ক্রমবর্ধমান অবস্থান। লক্ষ্যটা শুধু মেসির খেলা দেখা নয়, তার নাম ও প্রভাবকে ক্লাবের ভবিষ্যৎ পথচলার অংশ করে রাখা।

এসব পরিকল্পনা থাকলেও খেলোয়াড় হিসেবে মেসিকে আরও কিছুটা সময় চায় মায়ামি। ২০২৮ সালের পর আরও দুই মৌসুম পর্যন্ত মাঠের খেলোয়াড় হিসেবে ধরে রাখার পরিকল্পনাও রয়েছে ক্লাবটির।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে