ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অপরাধের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অপরাধের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কার্যকলাপে’ লিপ্ত হয়ে পবিত্রতা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মৃত্যুদণ্ড বাস্তবায়নের বিষয়টি এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদিভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘আজেল’ (Ajel)-এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ওই দুই বাংলাদেশি নাগরিক হলেন—নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার।

প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি প্রকাশ্যে আসার পর পরই সৌদির নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরবর্তীতে মামলাটি বিচার বিভাগে হস্তান্তরিত হলে দীর্ঘ শুনানির পর বিজ্ঞ বিচারক তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করেন।

আদালত তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন—সংঘটিত অপরাধের চরম ভয়াবহতা এবং স্থান ও কালের সর্বোচ্চ ধর্মীয় গুরুত্ব ও পবিত্রতা মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি বিবেচনা নিয়ে ইসলামি আইনের ‘বিবেচনামূলক শাস্তির’ (Ta’zir) অধীনে বিচারক তাঁদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে উচ্চ আদালতের আপিলেও এই রায় বহাল থাকে এবং একটি রাজকীয় আদেশের ভিত্তিতে বুধবারে চূড়ান্তভাবে তাঁদের দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইবাদতের পবিত্র স্থান বা মসজিদের মর্যাদা ক্ষুণ্নকারী যেকোনা অনৈতিক ও জঘন্য কার্যকলাপের বিরুদ্ধে সৌদি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিরাপত্তা, ন্যায়বিচার ও ইসলামি আইনের কঠোর প্রয়োগ সমুন্নত রাখতে প্রশাসন বদ্ধপরিকর। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের অপকর্মের চেষ্টা করে, তবে তাকেও কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে