ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘অন্যকে পরামর্শ দেওয়ার আগে নিজেদের সংশোধন করুন’: প্রধানমন্ত্রী

‘অন্যকে পরামর্শ দেওয়ার আগে নিজেদের সংশোধন করুন’: প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরকে কঠোর বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “অন্যদের নসিহত বা উপদেশ দেওয়ার আগে দয়া করে নিজের দল ও ঘর সামলান।” একই সাথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশ ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

একটি জনবহুল দেশে যেকোনো রাজনৈতিক দলের ভেতরে থাকা সুযোগসন্ধানী ও দুষ্ট চক্রের কারণে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সেসব বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক পুঁজি বানিয়ে দেশজুড়ে অরাজকতা, অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে যদি দেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, তবে তার পূর্ণ দায়ভারও ওই রাজনৈতিক দল ও তাদের নেতাদেরকেই বহন করতে হবে।”

জামায়াতে ইসলামীর দিকে সরাসরি ইঙ্গিত করে সরকারপ্রধান কড়া সমালোচনার সুরে বলেন, “একটি রাজনৈতিক দল আবার সেই একাত্তরের পুরোনো ও নৃশংস রূপে ফিরে গেছে। তারা মা-বোনদের ইজ্জত হরণ, নির্যাতন ও হত্যাযজ্ঞের খেলায় মেতে উঠেছে। এ পরিস্থিতি মেনে নেওয়া যায় না।” অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “এখন আর চুপ করে থাকার সময় নয়; এই অপশক্তির আসল মুখোশ জনগণের সামনে উন্মোচন করার সময় এসেছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান বিএনপি সরকার দেশে যেকোনো মূল্যে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে