মো. তারেক হোসেন
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়ের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কলেজ শাখা ছাত্রদল।
আজ (৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষক কাউন্সিলের সম্পাদক ড. মশিউর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিমউদদীন জসিম ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল কাদের।
জানা গেছে, অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় গত দুই দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি স্ট্রোক করলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়।
বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যক্ষের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে অংশ নেওয়া সবাই তাঁদের প্রিয় অভিভাবক ড. কাকলী মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
