নবপ্রকাশ ডেস্ক:
আকাশপথ সংক্রান্ত জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম চালানের ইউরেনিয়াম আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই বাংলাদেশে এসে পৌঁছাবে। মোট ৭টি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি পর্যায়ক্রমে রাশিয়া থেকে দেশে আনা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, একটি দেশ তাদের আকাশপথ ব্যবহারে সাময়িক আপত্তি জানানোয় গত ২৪ সেপ্টেম্বর জ্বালানি বহনকারী ফ্লাইটটি আসতে পারেনি। তবে রাশিয়া নতুন সময়সূচি প্রদান করেছে এবং আপত্তি নিরসন হওয়ায় আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই (সম্ভাব্য ১ অক্টোবর) এই স্পর্শকাতর জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।
রূপপুর প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রথম চালানের জ্বালানি গ্রহণের জন্য প্রকল্প এলাকা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’-কে পরবর্তী প্রতিটি ফ্লাইটের সুনির্দিষ্ট ও লিখিত সময়সূচি জানাতে অনুরোধ করা হয়েছে, যাতে প্রকল্প এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পরিবহনের ব্যবস্থা করা যায়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এবার দ্বিতীয় ইউনিটের মূল ফ্রেশ ফুয়েলের পাশাপাশি প্রথম ইউনিটের জন্য ‘প্রথম রিলোড’ ইউরেনিয়ামও একই সঙ্গে আনা হচ্ছে। প্রথম ইউনিটে লোড করা ইউরেনিয়ামের সাইকেল টাইম ১২ মাস হওয়ায় পর্যায়ক্রমে এর প্রয়োজনীয় অংশ পরিবর্তনের নিয়ম রয়েছে। সব জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটকে সচল করার ধারাবাহিক প্রক্রিয়া এগিয়ে চলছে।
