স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ইতিহাস গড়েছে ভারত। গৌহাটির ব্যাটিংস্বর্গে দুই দল মিলে তুলেছে ৮১১ রান, হয়েছে একের পর এক রেকর্ড। তবে এমন রানবন্যার ম্যাচেও পুরোপুরি খুশি হতে পারেননি ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার আপত্তি ছিল পিচের আচরণ নিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে ৪০৫ রান ৩৯ বল হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় ভারত। শুভমন গিল ২২৩ রানে অপরাজিত থেকে গড়েছেন একাধিক রেকর্ড। ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। ১১৭ বলে দ্বিশতক পূর্ণ করেন গিল। এতে ভেঙে দেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে ঈশান কিষানের গড়া রেকর্ড।
গিলের ২২৩* রান এখন ওয়ানডেতে অধিনায়ক হিসেবে এবং রান তাড়ায়ও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রান তাড়ায় গ্লেন ম্যাক্সওয়েলের ২০১* এবং অধিনায়ক হিসেবে বীরেন্দর শেবাগের ২১৯ রানের রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। রোহিত শর্মার পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরির মালিকও হলেন গিল।
ম্যাচটিতে আরও একটি বিরল রেকর্ড হয়েছে। দুই দলের পাঁচ ব্যাটার সেঞ্চুরি করেছেন, যা ওয়ানডের এক ম্যাচে সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গুর সঙ্গে ভারতের গিল ও রোহিত শর্মা এই রেকর্ডে নাম লিখিয়েছেন। একই ম্যাচে প্রথমবার তিন সেঞ্চুরি করেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
৪০৬ রানের লক্ষ্য পেরিয়ে ভারত ওয়ানডেতে দ্বিতীয় দল হিসেবে ৪০০ বা তার বেশি রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রানের জবাবে ৪৩৮ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
এত রেকর্ডের মধ্যেও গৌহাটির উইকেট নিয়ে সন্তুষ্ট নন গম্ভীর। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দেখুন, সত্যি বলতে আমি ব্যাট ও বলের মধ্যে আরেকটু বেশি লড়াই আশা করেছিলাম। কিন্তু এখানে সেটা হল না। এটা ক্রিকেট নয়। এটা শুধুই ব্যাটিং।’
বোলারদের কঠিন পরিস্থিতির কথাও তুলে ধরেছেন ভারতের কোচ। তার মতে, এমন উইকেটে বোলারদের পারফরম্যান্স দিয়ে বিচার করা ঠিক নয়। গম্ভীর বলেন, ‘বোলারদের পরিসংখ্যান দেখে বোঝা যাবে না, ওরা কতটা পরিশ্রম করেছে। দুটো নতুন বলে খেলা হয়। পাঁচ ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভিতরে থাকে। এমনিতেই বোলারদের কাজ কঠিন হয়ে যায়। তার উপর এই ধরনের পিচ ওদের জন্য দুঃস্বপ্ন।’
অভিষেকেই ৮৪ রান দেওয়া আকিব নবি ও ৯৬ রান দেওয়া গুরনুর ব্রারদেরও সমর্থন করেছেন গম্ভীর। তার ভাষায়, ‘কোচ হিসাবে বোলারদের পাশে আমি আছি। এই পরিসংখ্যান দেখে ওদের বকাবকি করার মানে নেই। ভাবুন, আকিব নিজের প্রথম ম্যাচ খেলছে। এই পিচে ও কী করবে? আমরা বোলারদের পাশে আছি।’
