নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে তুরাগ থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে একজনের নাম মেহেরাব (২০)। অপর দুইজন আইনগত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এবং তারা আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু বলে জানিয়েছে পুলিশ।
তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তুরাগ থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিনটি চোরাই বাইসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কৌশলে বাইসাইকেল চুরি করে আসছিল। তারা একটি সক্রিয় আন্তঃজেলা চোর চক্রের সদস্য এবং সংঘবদ্ধভাবে এসব চুরির ঘটনা ঘটিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
পুলিশ উদ্ধার করা বাইসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
তুরাগ থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে সংঘবদ্ধ চুরি প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেওজানানো হয়েছে।
