দলবদলের মৌসুমের শেষভাগে এসে বড়সড় চমক দিতে যাচ্ছে লিভারপুল। আক্রমণভাগ শক্তিশালী করতে পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে ফরাসি ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি। সব ঠিক থাকলে তারকা ফরোয়ার্ডকে পেতে লিভারপুলের খরচ হতে পারে ১২৩ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার কোটি টাকার বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে এই খবর। বিবিসি স্পোর্ট জানিয়েছে, বারকোলার জন্য শুরুতে ১৪৫ মিলিয়ন পাউন্ড চেয়েছিল পিএসজি। শেষ পর্যন্ত লিভারপুলের সঙ্গে ১০৬ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক চুক্তিতে রাজি হয়েছে তারা। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও ১৭ মিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। ২৩ বছর বয়সী বারকোলা এ সপ্তাহের শেষেই লিভারপুলে মেডিকেল পরীক্ষায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এরপর অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করবেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। বারকোলা মূলত বাম প্রান্তে খেলেন। এই ফরোয়ার্ড অবশ্য প্রয়োজনে ডান প্রান্ত কিংবা মাঝেও খেলতে পারেন। তার বহুমুখী দক্ষতাই লিভারপুলের কাছে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বারকোলার আগমন ঘটলে লিভারপুলে সবচেয়ে বড় প্রশ্ন উঠতে পারে কোডি গাকপোর ভবিষ্যৎ নিয়ে। তবে এরই মধ্যে নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের প্রতি আগ্রহ দেখিয়েছে টটেনহাম হটস্পার ও ম্যানচেস্টার সিটি। লিভারপুল অবশ্য শুধু বাম প্রান্ত নিয়েই ভাবছে না। ডান পাশের উইঙ্গারও খুঁজছে তারা। এজন্য ব্রাইটনের ইয়ানকুবা মিনতেহ ও ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সারকে দলে ভেড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখেছে ক্লাবটি। লিভারপুলের আক্রমণভাগে সাম্প্রতিক সময়ে বড় পরিবর্তন এসেছে। গত দুই গ্রীষ্মে লুইস দিয়াজ ও মোহামেদ সালাহর বিদায়ের পর থেকে আক্রমণে নতুন মুখ আনার চেষ্টা করছে তারা। সেই পরিকল্পনার অন্যতম প্রধান নাম এখন বারকোলা। ২০২৩ সালে ৩৮.৫ মিলিয়ন পাউন্ডে লিঁও থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন বারকোলা। প্যারিসের ক্লাবটির হয়ে এরই মধ্যে তিনটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন তিনি। পাশাপাশি জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ফরাসি কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। ফ্রান্সের হয়েও বারকোলার সাম্প্রতিক সময়টা ছিল দারুণ। এবারের বিশ্বকাপে তিন গোল করেছেন তিনি। লিভারপুলের জন্য বারকোলার আরেকটি বড় সুবিধা তার পজিশন বদলে খেলার ক্ষমতা। প্রয়োজন হলে তিনি মাঝেও খেলতে পারেন। ফলে আলেকজান্ডার ইসাকের বিকল্প হিসেবেও তাকে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে হুগো একিতিকের গুরুতর অ্যাকিলিস চোটের সময় বারকোলা বাড়তি বিকল্প দিতে পারেন। এর মধ্যে গাকপোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে। শনিবার নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল লিভারপুল কোচ আন্দোনি ইরাওলাকে। গাকপোকে ধরে রাখার ইচ্ছা থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি কোচ। ইরাওলা বলেছেন, বিশ্বকাপ ও ছুটি শেষে ফিরে গাকপো খুব ভালো অবস্থায় আছেন। তার মনোভাবও দারুণ। দলের ম্যাচগুলোতে গাকপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও জানিয়েছেন তিনি। তবে বারকোলার মতো বড় অঙ্কের চুক্তি শেষ পর্যন্ত গাকপোর ভবিষ্যৎকে কোন দিকে নেয়, সেটিই এখন দেখার বিষয়।
