সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে টাকা উত্তোলনের আবেদন নেওয়ার পর এ পর্যন্ত ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও অনেক বাড়বে। কারণ আজ রোববারও আবেদন করতে পারছেন গ্রাহক। আবেদনকারীদের চূড়ান্ত হিসাব ও প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণের পর সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে আমানতকারীদের মধ্যে টাকা বিতরণ শুরু হবে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাগো নিউজকে জানান, ক্ষুদ্র আমানতকারীদের কতজন টাকা উত্তোলন করতে চান এবং তাদের জন্য মোট কত অর্থের প্রয়োজন হবে- তা নির্ধারণ করতেই গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। এখনো আবেদনের চূড়ান্ত সংখ্যা পাওয়া যায়নি। তবে প্রাথমিক হিসাবে আবেদনকারীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।
তিনি বলেন, প্রতিদিনের আবেদন ও প্রয়োজনীয় অর্থের হিসাব চূড়ান্ত হওয়ার পর মোট কত টাকা সংস্থান করতে হবে, তা স্পষ্ট হবে। সেই হিসাব অনুযায়ী আগামীকাল (সোমবার) থেকেই অর্থের ব্যবস্থা করে আমানতকারীদের মধ্যে টাকা দেওয়া শুরু করা হবে।
