ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » হ্যাটট্রিকে এমবাপ্পে, জয়ে মরিনহোর ফেরা

হ্যাটট্রিকে এমবাপ্পে, জয়ে মরিনহোর ফেরা

সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেই জয়ের স্বাদ পেলেন হোসে মরিনিয়ো। কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ঘরের মাঠে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে রিয়ালের জয় ৪-১ ব্যবধানে। চলতি লা লিগায় এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা।

মরিনিয়োর জন্য এটি ছিল ১৩ বছর পর বার্নাব্যুতে প্রত্যাবর্তন। মৌসুমের প্রথম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করা পর্তুগিজ কোচের জন্য নিজেদের মাঠে প্রত্যাবর্তনটাও হলো জয় দিয়ে।

ঘরের মাঠে মরিনিয়োর প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। একাদশ ঘোষণার পর মাইকে তার নাম উচ্চারিত হতেই গর্জে ওঠে পুরো বার্নাব্যু। গ্যালারি থেকে ভেসে আসে মরিনিয়োর নামে স্লোগান।

ম্যাচের ৪০তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। বক্সের ভেতর দারুণ প্রথম টাচে ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে জোরালো শটে বল জালে জড়ান ফরাসি এমবাপে।

তবে চার মিনিট পরই সমতায় ফেরে সোসিয়েদাদ। ডিফ্লেক্ট হয়ে বল লুকা সুশিচের সামনে চলে এলে সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন তিনি।

১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় রিয়াল।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জুড বেলিংহামের দুটি দুর্দান্ত মুহূর্ত থেকে আসে পরপর দুই গোল। ৬০তম মিনিটে প্রথমে এমবাপে সঙ্গে ওয়ান-টু করে ফরাসি ফরোয়ার্ডকে গোলের সুযোগ তৈরি করে দেন বেলিংহাম। এমবাপে সুযোগ নষ্ট করেননি।

এরপর ৬৮তম মিনিটে বক্সের ভেতর বলের পেছনে লেগে থেকে বেলিংহাম ভিনিসিয়ুস জুনিয়রকে গোলের সুযোগ করে দেন। কাছ থেকে বল জালে ঠেলে ব্যবধান ৩-১ করেন ভিনিসিয়ুস।

এরপর ৮০তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ভিনিসিয়ুসের দারুণ বাড়ানো বল ধরে গোলকিপারের ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তিনি। এটি ছিল চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিক।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে সেভিয়া ও রিয়াল বেতিস।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে