নবপ্রকাশ ডেস্ক:
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি’র মধ্যে এ বৈঠক হয়।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে পারস্পরিক আস্থা বাড়ানো ও এখনো অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথ নিয়েও মতবিনিময় করেন দুই মন্ত্রী।
আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা। আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রণালিটির মধ্য দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।
হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরান এর আগেও একাধিক দফায় আলোচনা করেছে। আগস্টে দুই দেশ একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কাঠামো নিয়ে আলোচনা করে, যার মধ্যে প্রণালিতে একটি অস্থায়ী যৌথ নৌপথ চালু ও মাইন অপসারণের জন্য যৌথ প্রকল্পের প্রস্তাব ছিল। স্থায়ী নৌপথ, জাহাজ চলাচল ব্যবস্থাপনা, তথ্য বিনিময় ও নিরাপত্তা সেবা নিয়ে পরবর্তী কারিগরি আলোচনার কথাও তখন জানানো হয়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আগ্রহের ইঙ্গিত দিয়েছে, তবে এর সঙ্গে যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো ও অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের মতো শর্ত।
এ অবস্থায় নিউইয়র্কে ওমান-ইরানের নতুন বৈঠকটি প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপন এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
-আল-জাজিরা
