বিনোদন ডেস্ক
গাউনে তার একাধিক ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন মেহজাবীন। ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন তিনি। অনেকের চোখে তার এই সাজ হয়ে উঠেছে ‘হলুদ পরী’র মতোই আকর্ষণীয়।
ছবিগুলোতে মেহজাবীনকে দেখা যায় নজরকাড়া হলুদ রঙের স্লিভলেস হ্যাল্টার-নেক গাউনে। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরেছেন হলুদ হিল। চোখে সানগ্লাস এবং হাতে ছোট সাদা হ্যান্ডব্যাগ—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আধুনিকতা ও আভিজাত্যের ছাপ।
হংকংয়ের বিভিন্ন দর্শনীয় স্থানও দেখা গেছে ছবির পটভূমিতে। কখনো হংকং অবজারভেশন হুইলের সামনে, কখনো ‘মিস্টার সফটি’ আইসক্রিম ভ্যানের পাশে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ভিক্টোরিয়া হারবারের মনোরম পরিবেশেও বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে তাকে।
শহরের ব্যস্ততা আর নান্দনিক পরিবেশের মাঝে মেহজাবীনের প্রাণবন্ত উপস্থিতি ছবিগুলোতে যোগ করেছে বাড়তি আকর্ষণ। তাই ছবি প্রকাশের পরই ভক্তদের নজর আটকে যায় তার স্টাইলিশ লুকে।
কমেন্টে ভালোবাসার ইমোজির পাশাপাশি অভিনেত্রীর সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন অনেকে। কেউ মুগ্ধ হয়েছেন তার গ্ল্যামারাস উপস্থিতিতে, আবার কেউ ভালোবেসে তাকে ‘হলুদ পরী’ বলে অভিহিত করেছেন।
কাজের ফাঁকে মেহজাবীনের এই হংকং সফরের মুহূর্তগুলো যেন তার ভক্তদের জন্যও হয়ে উঠেছে উপভোগের উপলক্ষ। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ভ্রমণেও তার স্বতন্ত্র উপস্থিতি যে অনুরাগীদের আকর্ষণ করে, নতুন ছবিগুলোতে তারই আরেকটি প্রমাণ মিলেছে।
