ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » স্বাস্থ্যখাতে ১ লাখ নিয়োগ, ৮০% নারী

স্বাস্থ্যখাতে ১ লাখ নিয়োগ, ৮০% নারী

নবপ্রকাশ ডেস্ক:

স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি প্রান্তিক নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের বৃহৎ উদ্যোগ নিয়েছে সরকার। এই বিশাল কর্মসংস্থানে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানী ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক মৌলিক পরামর্শ এবং প্রয়োজনীয় রেফারেল সেবা পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের কাজ ত্বরান্বিত করছে। এই পদে নিয়োগপ্রাপ্তদের প্রায় ৮০ শতাংশই হবেন নারী। এর মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান নিশ্চিত হবে।”

জনগণের দেওয়া গণতান্ত্রিক ম্যান্ডেট বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বিপুল জনম্যান্ডেট নিয়ে বাংলাদেশে একটি নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের সেই আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট বাস্তবায়নে আমাদের সুনির্দিষ্ট পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা রয়েছে। সরকারের মূল অগ্রাধিকার হলো জাতীয় স্বার্থ সুরক্ষা করা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার সাধিত করা। এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার সময়।”

সামাজিক সুরক্ষা কাঠামোর নতুন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সুরক্ষামূলক কর্মসূচিগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষেরা সর্বোচ্চ অগ্রাধিকার পান। এই কর্মসূচির আওতায় ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে সরাসরি প্রতিটি পরিবারের মায়ের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এটি সবচেয়ে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে পর্যায়ক্রমে সারা দেশে কার্যকর করা হবে। পাশাপাশি কৃষকদের সুরক্ষা ও সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিতে ‘কৃষক কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালুর বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে