নবপ্রকাশ ডেস্ক: দক্ষিণ-পশ্চিম স্পেনের পর্তুগাল সীমান্তবর্তী একটি অবকাশযাপন কেন্দ্রে দুই মুখোশধারী বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, তাঁর কিশোর সন্তান এবং তাঁর মা (সন্তানের নানি) রয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার রাত ১০টার দিকে দেশটির কোস্টা দে লা লুজের আইসলা ক্রিস্টিনা শহরের এল রোকিও এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই মুখোশধারী হামলাকারী রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই পরিবারের সদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলি চালিয়ে দ্রুত চম্পট দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্প্যানিশ পুলিশ জানিয়েছে, এই হামলায় আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।
প্রাথমিক তদন্ত শেষে স্প্যানিশ পুলিশ ও জাতীয় আইন প্রয়োগকারী সংস্থা ধারণা করছে, ঘটনাটি কোনো মাদকসংক্রান্ত বিরোধ বা পূর্বশত্রুতার জেরে সৃষ্ট ‘টার্গেটেড কিলিং’। একই সাথে ২০২৪ সালের সেপ্টেম্বরে উয়েলভা এলাকায় ঘটে যাওয়া অন্য একটি হত্যাকাণ্ডের সঙ্গে এই ঘটনার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে প্রশাসন। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ।
