নবপ্রকাশ ডেস্ক:
মোঃ তারেক হোসেন
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ‘স্পোর্টস ডে ও চড়ুইভাতি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, প্রবীণ ও নবীন শিক্ষার্থীসহ তিন শতাধিক সদস্য অংশ নেন।
আয়োজনে ছয়টি দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট, মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রিকেটে ২০২০-২১ শিক্ষাবর্ষ চ্যাম্পিয়ন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ রানার্সআপ হয়। ফাইনালে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন পিয়াস এবং ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হন মাহমুদুল হাসান নিশাত।
মিউজিক্যাল চেয়ারে প্রথম হন এইচএসসি ব্যাচের নুসরাত জাহান মিম, দ্বিতীয় আফরোজা আমেনা এবং তৃতীয় মিতু। কুইজে বিজয়ী হন পারভেজ, রাফুল ও কাউসার। পরে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজন করা হয় খিচুড়ি ভোজের।
অনুষ্ঠানে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ।
প্রধান অতিথি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করতে খেলাধুলা ও সামাজিক আয়োজনের বিকল্প নেই। ট্রফি জয়ই বড় বিষয় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই গুরুত্বপূর্ণ।
সংগঠনের নেতারা জানান, সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক জোরদার করতেই এ আয়োজন। শিক্ষার্থীদের আগ্রহ থাকলে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত থাকবে।
