বিনোদন ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক প্রযুক্তি, এডিট করা আপত্তিকর ছবি এবং অনুমতি ছাড়া নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও পরিচয় ব্যবহারের অভিযোগে আইনি সুরক্ষা পেয়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনেত্রীর করা মামলার পরিপ্রেক্ষিতে তাঁর ব্যক্তিত্ব ও পরিচয়ের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে বড় ধরনের অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছেন বম্বে হাইকোর্ট।
বুধবার (১ অক্টোবর) এ সংক্রান্ত এক শুনানিতে বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামান্থার পরিচয় ব্যবহার করে তৈরি করা সমস্ত অননুমোদিত কনটেন্ট অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেন।
আদালতে পেশ করা আবেদন অনুযায়ী সামান্থা অভিযোগ করেন, তাঁর কোনো রূপ অনুমতি ব্যতিরেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ, ই-কমার্স পোর্টাল ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর নাম, কণ্ঠস্বর ও ছবি অসদুপায়ে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা বিভ্রান্তিকর ও আপত্তিকর ডিপফেক ভিডিও, মর্ফ করা ছবি এবং এআই দিয়ে তৈরি কণ্ঠস্বর অন্তর্ভুক্ত রয়েছে।
শুনানিকালে আদালতে উপস্থাপিত বিভিন্ন মর্ফ করা ছবি ও এআই প্রযুক্তির ডিপফেক কনটেন্টগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করেন বিচারপতি মাধব জামদার। আদালত পর্যবেক্ষণ করে জানান, এ ধরনের অননুমোদিত ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার সামগ্রী একজন ব্যক্তির নিজস্ব ব্যক্তিসত্তা (Personality Rights), প্রচার-স্বত্ব (Publicity Rights) এবং নৈতিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন।
সামান্থার আইনি দল আদালতের সামনে তুলে ধরে যে, অনুমতি ছাড়া বাণিজ্যিক বা অন্যান্য উদ্দেশে পরিচয় ব্যবহার করায় অভিনেত্রীর ব্যক্তিগত ও পেশাগত জীবন মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আদালত অভিনেত্রীর সার্বিক সুরক্ষায় অন্তর্বর্তী আদেশ প্রদান করেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সামান্থার ব্যক্তিসত্তা ও প্রচার-স্বত্ব রক্ষায় কঠোর থাকার বার্তা দেন।
