ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই : আইনমন্ত্রী

সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই : আইনমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

ঢাকা: প্রস্তাবিত সাইবার আইনে সাংবাদিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, আইন প্রণয়নের ক্ষেত্রে সাংবাদিকদের উদ্বেগের বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখা হবে।

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, “সাইবার আইন নিয়ে অংশীজনদের মতামত গ্রহণ করা হচ্ছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তবে একটি বিষয়ে সবাই একমত প্রকাশ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে যেভাবে কুৎসা বা অবমাননা (অ্যাবিউজ) করা হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যেভাবে বিতর্কিত করা হচ্ছে, তার ক্ষতি থেকে সুরক্ষায় একটি শক্তিশালী আইন হওয়া প্রয়োজন। আমরা এখনো আইনটির চূড়ান্ত খসড়া (ফাইনাল ড্রাফটিং) পর্যায়ে যাইনি।”

অনিয়ম-অনৈতিকতায় জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

একই অনুষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, “কোনো আইনজীবী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে—তিনি পেশাগতভাবে যত শক্তিশালীই হোন না কেন—বার কাউন্সিল আইনের আওতায় তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত আইন শিক্ষার্থীদের ‘এজিও-ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের বরণ উপলক্ষে এই কনভোকেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস প্রমুখ।

আইনজীবী হওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর

এদিকে, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রবেশকালীন বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করেছে। আগামী ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

গতকাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে