ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো, পেছনে পড়লেন মেসি

‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো, পেছনে পড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক:

ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা যেন থামার নয়। মাঠের লড়াই পেরিয়ে এবার বিশ্বজুড়ে ভক্তদের ভোটেও মুখোমুখি হয়েছিলেন এই দুই মহাতারকা। শেষ পর্যন্ত আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’-এর সেরা মৌসুমের স্বীকৃতি জিতে নিয়েছেন পর্তুগিজ সেনসেশন ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তিতে বিশেষ ভোটাভুটি

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে উয়েফা ও স্বনামধন্য ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর যৌথ উদ্যোগে এই বিশেষ ভোটাভুটির আয়োজন করা হয়। ব্যালন ডি’অরজয়ী সর্বকালের সেরা ফুটবলারদের সেরা মৌসুমগুলো বেছে নিতে গত ১ অক্টোবর থেকে শুরু হয় অনলাইন ভোটগ্রহণ। ভক্তদের জন্য প্রতিটি ভোটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ টাকা), যেখানে সমর্থকরা নির্ধারিত অর্থ ব্যয় করে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন।

গত মঙ্গলবার রাতে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর অফিশিয়াল ওয়েবসাইটে বিজয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়। আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর তথ্য অনুযায়ী, ভোটাভুটিতে মোট ৪৪৬ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছেন রোনালদো। অন্যদিকে, মেসির ২০১২ সালের অতিমানবীয় মৌসুমটি পেয়েছে ২৮১ পয়েন্ট। দুই কিংবদন্তির এই জমজমাট লড়াইয়ে ব্যবধান ছিল ১৬৫ পয়েন্টের।

রোনালদোর ২০০৮ বনাম মেসির ২০১২

রোনালদোর এই জয়ের পেছনে মূল ভিত্তি গড়ে দিয়েছিল তাঁর ২০০৭-০৮ মৌসুমের অবিশ্বাস্য পারফরম্যান্স। সে সময় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে ঝড় তোলা রোনালদো ওই মৌসুমে ক্লাবকে জিতিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের মতো মর্যাদাপূর্ণ শিরোপা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪২ গোল করার পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্য ও দলীয় সাফল্যের দুর্দান্ত সমন্বয়ে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি।

অন্যদিকে, তালিকার দুইয়ে থাকা মেসির ২০১১-১২ মৌসুমটি ছিল রেকর্ডে মোড়ানো। বার্সেলোনার জার্সিতে ওই মৌসুমে ৬৯ ম্যাচে অবিশ্বাস্য ৯১ গোল করে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। এক পঞ্জিকাবর্ষে ৮৫ গোল করার গার্ড মুলারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছিলেন মেসি। বার্সার হয়ে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি ওই বছর ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভক্তদের ভোটে মেসির রেকর্ডগড়া সেই মৌসুমকে ছাপিয়ে গেছে রোনালদোর ২০০৮ সালের অর্জন।

মেসি-রোনালদোর আধিপত্য ও ভোটের বিতর্ক

ব্যালন ডি’অরের ইতিহাসে একাধিকবার পুরস্কারজয়ী ১০ জন কিংবদন্তিকে নিয়ে এই ভোটের আয়োজন করা হয়েছিল। তালিকায় মেসি ও রোনালদো ছাড়াও ছিলেন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ফন বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, রোনালদো নাজারিও, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান ও আলফ্রেড ডি স্টেফানো।

ভোটের চূড়ান্তে দেখা গেছে মেসি-রোনালদোর নিরঙ্কুশ আধিপত্য। তালিকার সেরা ১২টি মৌসুমের সব কটিই দখল করেছেন এই দুই তারকা। ১৩তম অবস্থানে জায়গা পেয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও (২০০২ সাল)।

এদিকে ভোটগ্রহণ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কারচুপির নানা অভিযোগ উঠলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইট। তাদের প্রকাশিত তথ্যানুযায়ী, মোট ৫ হাজার ৯ জন ব্যবহারকারী একাধিকবার ভোট দিয়েছেন। এর মধ্যে ৪৪ জন ১০ থেকে ২৬টি, ৩০০ জন পাঁচ থেকে নয়টি এবং ৪ হাজার ৬৬৫ জন দুই থেকে চারটি ভোট প্রদান করেন।

আয়োজকদের পূর্বঘোষণা অনুযায়ী, এই বিশেষ স্বীকৃতির জন্য বিজয়ীকে আলাদা কোনো ট্রফি বা স্মারক প্রদান করা হবে না। তবে ট্রফি না পেলেও ভক্তদের রায়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসিকে পেছনে ফেলে এই বিশেষ স্বীকৃতি রোনালদোর মুকুটে যোগ করল নতুন এক উজ্জ্বল ফলক। যা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের তর্কে উসকে দিল নতুন এক উত্তাপ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে