হুলিয়ান আলভারেজকে ঘিরে আতলেতিকো মাদ্রিদের অস্বস্তিকর পরিস্থিতি এবার প্রকাশ্য রূপ নিয়েছে। নিজেদের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দুয়োধ্বনি শুনতে হয়েছে সমর্থকদের কাছ থেকে। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন না জানিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান তিনি।
মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আলভারেজের নাম ঘোষণার সময়ই গ্যালারি থেকে অসন্তোষ প্রকাশ করেন আতলেতিকো সমর্থকেরা। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাঠে নামার পরও সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।
বিশ্বকাপ শেষে ক্লাবে ফেরার পর থেকেই আলভারেজের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছে। তিনি আতলেতিকো ছাড়তে চান এবং বার্সেলোনা কিংবা আর্সেনালে যোগ দিতে আগ্রহী—এমন খবর প্রকাশের পর থেকেই ক্লাবটির সমর্থকদের একটি অংশ তার ওপর ক্ষুব্ধ।
ম্যাচ শেষে আলভারেজের সরাসরি ড্রেসিংরুমে চলে যাওয়ার বিষয়টি নিয়ে অবশ্য কোচ দিয়েগো সিমিওনে পরিষ্কার করেছেন, এটি খেলোয়াড়টির নিজস্ব সিদ্ধান্ত ছিল না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় ক্লাব কর্তৃপক্ষই তাকে সমর্থকদের সামনে যেতে নিষেধ করেছিল।
সিমিওনে বলেন, ‘আমি পরামর্শ দেওয়ার জন্য এখানে নেই। আতলেতিকোর হয়ে নিজের সেরাটা দেওয়াই আমার কাজ। ক্লাব সিদ্ধান্ত নিয়েছিল, সে (আলভারেজ) যেন গ্যালারি বা সমর্থকদের কাছে না যায়। তাকে আলাদা রাখার সিদ্ধান্ত ছিল ক্লাবের।’
এদিকে আলভারেজকে নিয়ে বার্সেলোনা ও আর্সেনালের মধ্যে আগ্রহের খবর জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও ইএসপিএন। তবে বার্সেলোনার কাছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করতে অনাগ্রহী আতলেতিকো। এরই মধ্যে কাতালান ক্লাবটির প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তারা।
অন্যদিকে আর্সেনালের সঙ্গে আলোচনা করতে তুলনামূলকভাবে বেশি আগ্রহী আতলেতিকো। তবে সমস্যা হলো, আলভারেজের নিজের পছন্দ বার্সেলোনা। যদিও সাম্প্রতিক খবর অনুযায়ী, বার্সায় যাওয়ার সম্ভাবনা কঠিন হয়ে পড়ায় আর্সেনালের প্রস্তাব নিয়ে নতুন করে ভাবছেন তিনি।
দলবদলের সময়সীমা যত এগিয়ে আসছে, আলভারেজকে ঘিরে আতলেতিকোর পরিস্থিতিও তত জটিল হয়ে উঠছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার ভবিষ্যৎ নিয়েও এখন চাপ বাড়ছে মাদ্রিদের ক্লাবটির ওপর।
