ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ষড়যন্ত্রেও বিএনপি ধ্বংস হবে না: দুলু

ষড়যন্ত্রেও বিএনপি ধ্বংস হবে না: দুলু

নব প্রকাশ ডেস্ক

বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত করেও আগামী একশ বছরেও বিএনপিকে ধ্বংস করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার বিষয় ছিল ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’।

দুলু বলেন, ইতিহাসে বিএনপির ওপর যতবার নির্যাতন, নিপীড়ন ও দমন-পীড়ন চালানো হয়েছে, দলটি ততবারই আরও শক্তিশালী হয়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, নানা সময় দলটির বিরুদ্ধে পরিকল্পনা ও ষড়যন্ত্র হলেও জনগণের সমর্থন নিয়ে বিএনপি এখনো রাজনীতিতে টিকে আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে।

এরশাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় বিএনপির অনেক নেতা দল ছেড়ে গেলেও বেগম খালেদা জিয়া রাজপথে থেকে আন্দোলন চালিয়ে গেছেন। জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়েও দলকে সংগঠিত করে আন্দোলন সফল করা হয়েছিল।

ওয়ান-ইলেভেনের সময়ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছিল বলে দাবি করেন দুলু। তিনি বলেন, তারেক রহমানকে দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়। কিন্তু এসব পদক্ষেপেও বিএনপিকে শেষ করা যায়নি।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে হুইপ বলেন, তিনি দেশে ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। তবে সাহস থাকলে সোনামসজিদ সীমান্ত দিয়ে দেশে আসার আহ্বান জানান তিনি।

নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় নিহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের কথা উল্লেখ করে দুলু বলেন, অনেক পরিবার এখনো স্বজন হারানোর কষ্ট নিয়ে বিচারের অপেক্ষায় রয়েছে। যারা নির্যাতিত হয়েছেন কিংবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান দেশের পরিস্থিতি নিয়েও কথা বলেন হুইপ। তার দাবি, দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

জনগণকে কিছু সময় ধৈর্য ধরতে হবে উল্লেখ করে দুলু বলেন, বিএনপি ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।

বিএনপির সঙ্গে নিজের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, স্কুলজীবন থেকেই তিনি দলটির রাজনীতির সঙ্গে যুক্ত। মন্ত্রী বা এমপি হওয়াকে জীবনের সবচেয়ে বড় পরিচয় মনে করেন না বলেও জানান তিনি।

দুলুর ভাষায়, বিএনপির একজন কর্মী হিসেবে রাজনীতি শুরু করেছেন এবং কর্মী হিসেবেই জীবন শেষ করতে চান। বিএনপির কর্মী পরিচয়কেই তিনি নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান বলে উল্লেখ করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে