নবপ্রকাশ ডেস্ক:
মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন দেওয়া হয়নি। বুধবার (১৪ অক্টোবর) বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। পরে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে ক্ষুব্ধ শ্রমিকেরা সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন তাঁরা। তবে শ্রমিকেরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ অব্যাহত রাখেন।
একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মহাসড়ক থেকে সরে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়। কিন্তু তাঁরা অবরোধ চালিয়ে যাওয়ায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বকেয়া বেতনের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের যে অভিযোগ রয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেন তিনি।
