ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শ্রীপুরে কৃষকদল নেতার ব্যক্তিগত অফিসে গুলি, আতঙ্কে হাসপাতালে

শ্রীপুরে কৃষকদল নেতার ব্যক্তিগত অফিসে গুলি, আতঙ্কে হাসপাতালে

মোঃ আকরাম হোসেন ,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতার ব্যক্তিগত অফিসে দুর্বৃত্তদের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন কৃষকদল নেতা মো. জজ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জজ মিয়ার ব্যক্তিগত অফিসে এ ঘটনা ঘটে। জজ মিয়া ওই গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জজ মিয়ার দাবি, ঘটনার সময় তিনি নিজের অফিসে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে এসে লেজার লাইট দিয়ে তাকে লক্ষ্য করেন। পরে তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

তিনি আরও জানান, গুলির শব্দ ও তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে অফিস থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আতঙ্কে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে