বিনোদন ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরে ভোজপুরী সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং সেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্যামেরার সামনে শট দেওয়ার সময় হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে আগুন ধরে যায়। তবে শুটিং ইউনিটের সদস্যদের সময়োচিত তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন তিনি।
ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুর এলাকায় ‘ভূতনি কা বদলা’ চলচ্চিত্রের একটি জটিল অ্যাকশন দৃশ্যের দৃশ্যধারণ চলছিল। চিত্রনাট্যের প্রয়োজন অনুযায়ী সঞ্জনাকে আগুনের চক্রের মধ্যে দাঁড়িয়ে শট দিতে হচ্ছিল।
হঠাৎ তীব্র বাতাস শুরু হলে সেটের রক্ষিত আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড বাতাসের ঝাপটায় আগুনের লিলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং সরাসরি অভিনেত্রীর পোশাকে গিয়ে ধরে যায়। সানজানা আর্তচিৎকার করে উঠলে পরিস্থিতি বুঝতে পেরে সেটে থাকা কলাকুশলীরা দ্রুত পানি ও নিভানোর সরঞ্জাম নিয়ে তাঁর দিকে ছুটে যান এবং আগুন নিভিয়ে তাঁকে নিরাপদে সরিয়ে নেন।
অগ্নিদগ্ধ হওয়ার উপক্রম হলেও ভাগ্যক্রমে সঞ্জনা পাণ্ডে অলৌকিকভাবে কোনো প্রকার শারীরিক আঘাত পাননি। শুটিং ইউনিটের আর কোনো সদস্য আহত হননি বলে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। এদিকে দুর্ঘটনার মুহূর্তটির একটি ভীতিকর ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেন ও অনুরাগীরা আতঙ্ক প্রকাশ করেছেন।
দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে পরবর্তীতে সঞ্জনা পাণ্ডে জানান, ছবির গল্প ও চরিত্র ফুটিয়ে তুলতে পুরো টিম বেশ কিছু ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং দৃশ্যধারণ করছে। শট চলাকালীন হঠাৎ প্রচণ্ড বাতাসের কারণেই আগুন তাঁর দিকে চলে আসে। তবে তিনি সুস্থ আছেন জানিয়ে আশা প্রকাশ করেন, মুক্তি পাওয়ার পর দর্শকেরা সিনেমাটির উপস্থাপনা ও অভিনয় উপভোগ করবেন।
