ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » লসিথ মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

লসিথ মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

স্পোর্টস ডেস্ক:

আইপিএল ২০২৭ মৌসুমকে সামনে রেখে নিজেদের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন আনছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির কোচিং স্টাফ থেকে একসঙ্গে বিদায় করে দেওয়া হয়েছে পেস বোলিং কোচ লাসিথ মালিঙ্গা, কোচিং প্যানেলের অন্যতম পরিচিত মুখ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ কার্ল হপকিনসনকে।

বিদায় নিলেন মালিঙ্গা, মামব্রে ও হপকিনসন

২০২৪ সালে শেন বন্ডের স্থলাভিষিক্ত হয়ে মুম্বাইয়ের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। তার অধীনে ২০২৪ মৌসুমে দশম, ২০২৫ আইপিএলে চতুর্থ এবং সর্বশেষ ২০২৬ সালের আসরে নবম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল মুম্বাই। কোচিংয়ের পাশাপাশি খেলোয়াড়ি জীবনেও মুম্বাইয়ের জার্সিতে দীর্ঘ ৯টি মৌসুম কাটিয়েছেন মালিঙ্গা। দলটির চারটি আইপিএল এবং ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের পেছনে তার বোলিং নৈপুণ্য ছিল অনন্য। মালিঙ্গাকে দলের ইতিহাসের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, তাঁর আবেগ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে।

অন্যদিকে, ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার পর ২০২৪ সালে আবারও ফ্র্যাঞ্চাইজিটিতে ফিরেছিলেন ভারতের সাবেক বোলিং কোচ পরশ মামব্রে। দুই মেয়াদেই দলের বোলারদের নিখুঁতভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া, ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে কাজ করার বিশাল অভিজ্ঞতা নিয়ে ২০২৫ মৌসুমের আগে মুম্বাইয়ের ফিল্ডিং উন্নত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কার্ল হপকিনসন।

পোলার্ডের কাঁধে প্রধান কোচের বড় দায়িত্ব

এর আগে চলতি মাসেই প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বাই ইন্ডিয়ান্স। জয়াবর্ধনের বিদায়ের শূন্যস্থান পূরণ করতে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিস্ফোরক অলরাউন্ডার কাইরন পোলার্ডকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন কোচিং প্যানেল ও সম্পূর্ণ নতুন পরিকল্পনা নিয়ে এখন আগামী মৌসুমের প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে মুম্বাইয়ের ম্যানেজমেন্ট।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে