ম্যাচের শুরুতেই গোল করে জমজমাট লন্ডন ডার্বির আভাস দিল চেলসি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারল না তারা। উল্টো দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করে শেষ পর্যন্ত হেরেই গেল। বিপরীতে আরও একবার আর্সেনাল জানান দিল, লন্ডনে এখন তাদের জার্সিরই দাপট।
ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার রাতে চেলসিকে ২-১ গোলে হারাল আর্সেনাল। শুরুতে মর্গান রজার্স চেলসিকে এগিয়ে দিলেও কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্হাডের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক ক্লাবটি।
এ নিয়ে চেলসির বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত রইল গানাররা। ২০২১ সালের আগস্টের পর লন্ডন ডার্বিতে আর আর্সেনালকে হারাতে পারেনি চেলসি। এই সময়ে ১২ ম্যাচের মধ্যে আর্সেনালের জয় ৯টি আর ড্র বাকি ৩ ম্যাচ।
রোববারের ম্যাচে দাপট দেখিয়ে খেলে আর্সেনাল। ম্যাচের প্রায় ৫৫ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৫টি শট করে তারা। এর ৮টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে চেলসির ১৩ শটের ৫টি ছিল জাল বরাবর।
তবে ম্যাচের একদম শুরুতেই এগিয়ে যায় চেলসি। মাত্র ৭৭ সেকেন্ডের মাথায় সতীর্থের হেড থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার ভলিতে দলকে লিড এনে দেন রজার্স।
বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি লা ব্লুজদের। ম্যাচের ২৫ মিনিটের মাথায় ডেক্লান রাইসের পাস থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে নিচু শটে বল জালে পাঠান হাভার্টজ।
এর কিছুক্ষণ আগে আরও একবার জাল কাঁপায় আর্সেনাল। তবে ভিএআর দেখে অফসাইডের কারণে সেটি বাতিল করেন রেফারি।
প্রথমার্ধে মেলেনি আর গোলের দেখা। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫০ মিনিটের মাথায় জোরাল শটে জালের ঠিকানা খুঁজে নেন ওডেগার্ড।
এরপর দুই দল বেশ কিছু সুযোগ পেলেও স্কোরলাইন আর পরিবর্তন হয়নি।
এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৯ পয়েন্ট ম্যানচেস্টার সিটিরও। অন্য দিকে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি।
