খেলাধুলা ডেস্ক
ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তাঁর গোলেই দীর্ঘ ৮৭ বছর ধরে অক্ষত থাকা একটি বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছে সৌদি ক্লাব আল নাসর।
বুধবার রিয়াদের আল-আউয়াল পার্কে আভার বিপক্ষে মাঠে নামে আল নাসর। ম্যাচের ২২ মিনিটে অ্যাঞ্জোলোর কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন রোনালদো। তাঁর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
এই গোলের ফলে ঘরোয়া লিগে টানা ৯৩ ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে জায়গা করে নেয় আল নাসর। এর আগে একমাত্র আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটই এই কীর্তি গড়েছিল।
১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। এরপর দীর্ঘ ৮৭ বছর কেউ সেই রেকর্ড স্পর্শ করতে পারেনি।
আল নাসরের এই রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচ দিয়ে। এবার রোনালদোর গোলের মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রেকর্ডে ভাগ বসাল সৌদি ক্লাবটি।
