নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, গত ৬ আগস্ট নির্বাচন কমিশন রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
শপথ অনুষ্ঠান যথাযথ মর্যাদায় আয়োজনের লক্ষ্যে গঠিত ৬টি কমিটি হলো—
১. সমন্বয় কমিটি
২. ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি
৩. অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি
৪. আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি
৫. আসন ব্যবস্থাপনা কমিটি এবং
৬. অভ্যর্থনা কমিটি।
গঠিত সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীকে। এছাড়া প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেল, সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান, কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে অন্যান্য কমিটিগুলোর প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন অনুযায়ী এসব কমিটিতে অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। আদেশ পাওয়ার পরপরই কমিটিগুলোকে সভা ডেকে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং কাজের অগ্রগতি নিয়মিত মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
