নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানী জুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধবিরোধী নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ছিনতাই রোথে পরিচালিত এ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, বিভাগভিত্তিক অভিযানে সবচেয়ে বেশি ১২৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ২টি সামুরাই, ১টি ছুরি ও ১টি আংশিক ব্লেডসহ মারাত্মক দেশি-বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে।
পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩,৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ ও ৩ বোতল দেশি মদ।
অস্ত্র ও মাদকের পাশাপাশি অভিযান পরিচালনাকালে ১০টি চোরাই মোবাইল ফোন, ২১.২ লিটার ঔষুধের কেমিক্যাল এবং ট্রেন থেকে চুরি হওয়া ৪টি স্টীলের ও ৫টি প্লাস্টিকের ট্যাপ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে ১ জন অপহৃত ভিকটিমকেও সফলভাবে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর শান্তিশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
