ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » যুক্তরাষ্ট্রে সহজ হচ্ছে গাড়ির জ্বালানিনীতি

যুক্তরাষ্ট্রে সহজ হচ্ছে গাড়ির জ্বালানিনীতি

নবপ্রকাশ ডেস্ক:

পূর্ববর্তী জো বাইডেন প্রশাসনের নীতি থেকে সরে এসে নতুন গাড়ির জ্বালানি সাশ্রয়সংক্রান্ত কঠিন মানদণ্ড উল্লেখযোগ্যভাবে শিথিল করার সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। নতুন এই নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন গাড়ির ক্রয়মূল্য কমবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাড়ি ও হালকা ট্রাকের জন্য এই নতুন ‘ফুয়েল ইকোনমি’ বা জ্বালানি সাশ্রয় মানদণ্ড অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এক বিবৃতিতে জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের শ্রমিকদের জন্য একটি বড় জয় অর্জিত হতে যাচ্ছে।

মার্কিন পরিবহন বিভাগের প্রাক্কলন অনুযায়ী, নীতিগত পরিবর্তনের ফলে গাড়ি প্রস্তুতকারকদের বাধ্যবাধকতা কমায় প্রতি নতুন গাড়ির গড় দাম আনুমানিক ৯৩০ ডলার পর্যন্ত কমে আসবে। তবে এই সুবিধা পেতে গিয়ে দীর্ঘমেয়াদে অতিরিক্ত জ্বালানি ব্যবহার এবং পরিবেশ দূষণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হবে। পরিদপ্তরের হিসাব মতে, ২০৫০ সাল নাগাদ দেশটিতে আরও অতিরিক্ত ১০০ বিলিয়ন গ্যালন জ্বালানি খরচ হবে, যার পেছনে গ্রাহকদের বাড়তি ১৮৫ বিলিয়ন ডলার ব্যয় করতে হতে পারে। একই সঙ্গে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণও প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পাবে।

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের দাম যখন বৈশ্বিক বাজারে ঊর্ধ্বমুখী এবং সাধারণ আমেরিকান চালকরা বাড়তি খরচের চাপে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে ট্রাম্প প্রশাসন পরিবেশবান্ধব নীতি শিথিল করার পথ বেছে নিল।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরিবেশ সুরক্ষা ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে গাড়ি নির্মাতাদের ক্রমান্বয়ে ইলেকট্রিক গাড়ি (ইভি) উৎপাদনে বাধ্য করা হয়েছিল। বাইডেনের নীতি অনুযায়ী ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছর ২ শতাংশ হারে জ্বালানি দক্ষতা বাড়ানোর কথা ছিল, যার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল প্রতি গ্যালনে ৫০.৪ মাইল (প্রতি লিটারে ২১.৪ কিলোমিটার) অতিক্রমের বাধ্যবাধকতা।

কিন্তু নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে ২০৩১ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা কমিয়ে প্রতি গ্যালনে গড়ে ৩৪.৫ মাইল (প্রতি লিটারে ১৪.৭ কিলোমিটার) নির্ধারণ করার প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে। নতুন প্রস্তাবে বার্ষিক জ্বালানি দক্ষতা বৃদ্ধির হার ০.২৫ শতাংশ থেকে ০.৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

এই সিদ্ধান্ত পেট্রোলচালিত সনাতন গাড়ির বাজারকে প্রসারিত করলেও তা তীব্র সমালোচনার মুখে পড়েছে। সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব চীনের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সাধারণ মার্কিনদের অতিরিক্ত জ্বালানি ক্রয়ে অর্থ অপচয়ে বাধ্য করা হচ্ছে। তবুও ট্রাম্প প্রশাসনের দাবি, এই শিথিলতার ফলে মার্কিন পরিবারগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে এবং গাড়ি নির্মাণ খাত নতুন প্রাণ পাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে