রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ দনিয়া এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পড়ে থাকা পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগে এসব ককটেল পাওয়া যায়।
পুলিশ জানায়, ব্যাগটি পড়ে থাকতে দেখে তল্লাশি করা হলে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। পরে বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
পরবর্তী সময়ে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম-নীতি অনুসরণ করে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে।
