ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মেসির অর্জনের খাতায় আরও এক পালক

মেসির অর্জনের খাতায় আরও এক পালক

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসরের ঘোষণা দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির মুকুটে যুক্ত হচ্ছে আরও একটি ঐতিহাসিক পালক। এবার কোনো ট্রফি বা খেলার মাঠের খেতাব নয়, দেশের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘ইউনিভার্সিটি অব বুয়েনস আইরেস’ (উবা) থেকে আর্জেন্টিনার সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর অনোরিস কাউসা’ পেতে যাচ্ছেন এই মহাতারকা।

আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক বিদায়ি ম্যাচে মাঠে নামবেন মেসি। ম্যাচটি শুরুর ঠিক আগেই এক জমকালো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বিরল ডক্টরেট সম্মাননা তাঁর হাতে তুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদের সর্বসম্মতিক্রমে মেসিকে এই ডিগ্রি প্রদানের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।

উবা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৯ বছর বয়সী এই ফুটবল মহাতারকার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জীবনবোধ ও ব্যক্তিত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির মতে, মেসির দীর্ঘ খেলোয়াড়ি জীবন ‘শ্রেষ্ঠত্ব, অধ্যবসায়, নম্রতা এবং নৈতিক আচরণের এক অনন্য উদাহরণ’, যা বিশ্বমঞ্চে আর্জেন্টিনার ভাবমূর্তি নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সিদ্ধান্তটির ব্যাখ্যা দিয়ে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি বলেন, “সব আর্জেন্টাইন মেসি সম্পর্কে যা জানেন, তার বাইরে ক্রীড়াবিদ হিসেবে তাঁর মর্যাদা প্রমাণের জন্য সংখ্যা ও পরিসংখ্যানের কোনো প্রয়োজন নেই। আমরা একজন বিনয়ী ও অত্যন্ত অধ্যবসায়ী মানুষকে স্বীকৃতি দিতে চাই। তিনি আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন শ্রেষ্ঠ উদাহরণ এবং উজ্জ্বল দূত।”

তিনি আরও যোগ করেন, “এই সম্মানের মাধ্যমে আমরা এমন একজন মানুষের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরতে চাই, যিনি খেলাধুলার গণ্ডি পেরিয়ে অসাধারণ সব সাফল্য অর্জন করেছেন এবং উৎকর্ষের বিশ্বজনীন উদাহরণে পরিণত হয়েছেন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি এই প্রসঙ্গে বলেন, “মেসি আর্জেন্টিনার জার্সির আসল মূল্যবোধকে তুলে ধরতে পেরেছেন এবং সাহস ও সম্মানের সঙ্গে সেটির প্রতিনিধিত্ব করেছেন। এভাবেই তিনি আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে এই সম্মানসূচক ডক্টরেট শুধু তাঁর ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়; এটি পুরো আর্জেন্টাইন সমাজের পক্ষ থেকে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা।”

উল্লেখ্য, ‘ডক্টর অনোরিস কাউসা’ হলো বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক উপাধি। ১৯১ বছরের ইতিহাসে মেসিই প্রথম কোনো ক্রীড়াবিদ, যিনি এই অনন্য সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে