ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মেসির অবসরের ধাক্কায় পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

মেসির অবসরের ধাক্কায় পারেদেসের কণ্ঠেও বিদায়ের সুর

লিওনেল মেসির অবসরের ধাক্কায় নড়েচড়ে বসেছে আর্জেন্টিনা। জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও এবার আলবিসেলেস্তেদের জার্সি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য পারেদেস জানিয়েছেন, মেসির জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও দিয়েছেন বড়সড় অনিশ্চয়তার ইঙ্গিত।

সংবাদ সম্মেলনে ৩২ বছর বয়সী মিডফিল্ডার সরাসরিই বলেছেন, ‘জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হবে।’

হঠাৎ কেনো এমন ভাবনা? পারেদেসের উত্তরেও মিলেছে সেই ইঙ্গিত। মেসির বিদায়, নিজের নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক নানা ঘটনার কারণে আগের মতো পরিস্থিতি আর থাকবে না বলেই মনে করছেন তিনি।

“সব কিছু মিলিয়েই বিষয়টি বেশ কঠিন। আমি আগেও যা বলেছি, নিষেধাজ্ঞা, মেসির সিদ্ধান্ত… সবকিছু। পরিস্থিতি আগের মতো থাকবে কি না, জানি না। কোচের সঙ্গে এখনও কথা হয়নি। কথা বলব, এরপর কী সিদ্ধান্ত হয়, সেটাই দেখব।”

মেসির জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তকে সহজভাবে নিতে পারছেন না প্যারেদেস। সতীর্থের প্রশংসায় তিনি মনে করিয়ে দিয়েছেন, স্বপ্নপূরণের জন্য মেসির লড়াইয়ের কথা।

“তার রেখে যাওয়া লেগ্যাসি চিরকাল থাকবে। কখনও হাল না ছাড়া, স্বপ্নের পেছনে ছোটা ও শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ করে দেখানো- এটাই তার রেখে যাওয়া শিক্ষা।”

মেসিকে আরেকবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেই প্রশ্নেও আক্ষেপ ঝরেছে পারেদেসের কণ্ঠে।

“আমরা সব সময় তার সঙ্গে খেলতে চাই, তাকে পাশে চাই। কিন্তু তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমরা চাইনি।”

বিশ্বকাপের ফাইনাল নিয়েও সতীর্থদের সঙ্গে মেসির কথোপকথনের কথা জানান পারেদেস। তখনই নাকি মেসি ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই হতে পারে তার শেষ ম্যাচ।

“আমরা বিশ্বকাপের শেষ দিকে কথা বলেছিলাম, ফাইনালটাই হয়তো তার শেষ ম্যাচ হতে পারে। কিন্তু তারপরও আমরা প্রস্তুত ছিলাম না। কারণ আমাদের কাছে তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই।”

পারেদেসের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার পেছনে মেসির বিদায়ের পাশাপাশি আছে ফিফার নিষেধাজ্ঞাও।

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বিবাদে জড়ানোর ঘটনায় তাকে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। সঙ্গে জরিমানা করা হয়েছে ৯০ হাজার ডলার।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে। তবে নিষেধাজ্ঞা বহাল থাকলে বেশ কয়েকটি ম্যাচে পারেদেসকে ছাড়াই খেলতে হবে আর্জেন্টিনাকে।

এর মধ্যেই অবশ্য ক্লাব ফুটবলে ফিরছেন পারেদেস। বুধবার কোপা আর্জেন্টিনার শেষ ষোলোয় ভেলেস সার্সফিল্ডের মুখোমুখি হবে তার ক্লাব বোকা জুনিয়র্স।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার আরেক বড় মুখও যদি সরে দাঁড়ান, তবে বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সেটি হবে নিঃসন্দেহে আরেকটি বড় ধাক্কা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে