নবপ্রকাশ ডেস্ক:
মা হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সোহিনী ও তাঁর স্বামী, বিশিষ্ট সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি দম্পতির এটি প্রথম সন্তান।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দের খবরটি ভাগ করে নেন এই তারকা দম্পতি। নবজাতকের ছোট্ট দুটি পায়ের চিহ্নের ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।”
তাদের এই পোস্টে মুহূর্তের মধ্যেই সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বয়ে যায়। ভক্তরাও প্রিয় তারকা জুটিকে শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন।
এর আগে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রথমবার মা হতে যাওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন সোহিনী। একটি সুন্দর ছবি শেয়ার করে সে সময় তিনি ক্যাপশনে লেখেন, “তিন বছরের পথচলায় আমরা দুই থেকে তিনের পথে।”
উল্লেখ্য, গর্ভাবস্থার শুরুর দিকে এ খবর নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন এই দম্পতি। এমনকি প্রথম তিন মাস পরিবারের সদস্যদের থেকেও খবরটি আড়াল করে রেখেছিলেন তাঁরা। পরবর্তীতে ধীরে ধীরে বিষয়টি অনুরাগীদের সামনে আসে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই শোভন গাঙ্গুলির সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোহিনী সরকার।
