ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মানবিকে পাসের চেয়ে ফেল বেশি: ১০০ জনে ৫১ জনই অকৃতকার্য

মানবিকে পাসের চেয়ে ফেল বেশি: ১০০ জনে ৫১ জনই অকৃতকার্য

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধাক্কা এসেছে মানবিক বিভাগ থেকে। গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এ বছর মানবিক বিভাগে পাসের হার নেমে এসেছে মাত্র ৪৮.৭৪ শতাংশে। ফলে, সাধারণ গণনায় দেখা যাচ্ছে—এ বিভাগে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনেরও বেশি অকৃতকার্য হয়েছে। শিক্ষার এই গুরুত্বপূর্ণ স্তরে মানবিক বিভাগের শিক্ষার্থীদের এমন ভরাডুবি সামগ্রিক পাসের হারেও বড় নেতিবাচক প্রভাব ফেলেছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, মানবিক বিভাগের পরীক্ষার্থীদের এই নজিরবিহীন ব্যর্থতা পুরো ফলাফলকে পিছিয়ে দিয়েছে। বিষয়ভিত্তিক দুর্বলতা, সঠিক প্রস্তুতির অভাব এবং নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতির ঘাটতিকেই এই ধসের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। এই ফল কেবল পরীক্ষার্থীদের জন্য নয়, বরং দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য এক বড় সতর্কবার্তা।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেশি ফেল করেছে। তারা ইংরেজি ও গণিতে দুর্বল। এ দুটি বিষয়ে তারা ফেল করেছে বেশি। মানবিকের শিক্ষার্থীদের ফেলের প্রভাব পড়েছে এসএসসি ও সমমানের গড় ফলাফলে। এ কারণে গড় পাসের হার কমেছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বিগত বছরের তুলনায় কমে গেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে ফল ঘোষণা অনুষ্ঠানেও বোর্ড চেয়ারম্যানরা এ কথা জানিয়েছেন।

মানবিকে প্রতি ১০০ জনে ৫১ জন ফেল

বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, এবার সবচেয়ে খারাপ ফল করেছে মানবিকের শিক্ষার্থীরা। এ বছর মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল সবচেয়ে বেশি ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে পাস করেছে মাত্র ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। গড় পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ। আর ফেলের হার প্রায় ৫১ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ, মানবিকের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর ৫১ জনের বেশি ফেল করেছে।

বিজ্ঞানে পাসের হার ৮০.৬৪ শতাংশ

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফল করেছে। বিজ্ঞান বিভাগে এ বছর পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। গড় পাস ৮০ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ বিজ্ঞান বিভাগের প্রতি ১০০ জনের প্রায় ৮১ জনই পাস করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ৬৪.২৯ শতাংশ

ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন। পাস করেছে এক লাখ ৪১ হাজার ২৪৮ জন।

জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘মানবিকে এবার বিপর্যয় ঘটে গেছে। তারা ইংরেজি ও গণিতে খুব খারাপ করেছে। সেজন্য ফেলের সংখ্যাটাও মানবিকে বেশি। বিজ্ঞানের শিক্ষার্থীরা ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করায় তাদের পাসের হার ও জিপিএ প্রাপ্তি ভালো।’

তিনি বলেন, ‘মানবিকে কেন এমন হলো, তারা ইংরেজি ও গণিতে দুর্বল কেন; তা খাতিয়ে দেখা হবে। কীভাবে মানবিকের শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে