নিজস্ব প্রতিবেদক,ঢাকা: রাজধানীর মগবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে দেড়টার দিকে এফডিসি মোড়সংলগ্ন উপকেন্দ্রটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
পরে বিকল্প ব্যবস্থায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফেরানো হয়। তবে কিছু এলাকায় বিদ্যুৎ পেতে আরও কিছু সময় অপেক্ষায় থাকার কথা জানান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক।
তিনি জানান, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ পর দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপর তেজগাঁও এলাকার প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থায় ওই এলাকার অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়। বাংলামোটর এলাকার তিনটি ফিডারের আওতায় আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়।
ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজারের ব্যবসায়িক এলাকায় বিকেল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
