স্পোর্টস ডেস্ক:
ভারতের আহমেদাবাদে অবস্থিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’-এ ইমেইল মারফত বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে মাঠটিতে ভারত অনূর্ধ্ব-১৯ ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচ চলাকালে এই বেনামি হুমকির বার্তাটি আসে।
জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ স্টেডিয়াম কর্তৃপক্ষকে লক্ষ্য করে একটি ইমেইল পাঠানো হয়, যেখানে পুরো প্রাঙ্গণে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা পুঁতে রাখার দাবি করা হয়। বার্তা পাওয়ার পরপরই স্টেডিয়ামজুড়ে সতর্ক অবস্থান নেন দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং গুজরাট পুলিশের সাইবার সেলকে। দীর্ঘ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
অনূর্ধ্ব-১৯ ম্যাচ হওয়ায় গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। কোনো অপ্রীতিকর হুড়োহুড়ি বা বিশৃঙ্খলা এড়াতে ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়নি। মাঠেই ম্যাচ সম্পন্ন করে ১০ উইকেটের বড় ব্যবধানে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে পরাস্ত করে ভারত অনূর্ধ্ব-১৯ দল। খেলা শেষ হওয়ার পর দুপুর ১টা নাগাদ দুই দলের ক্রিকেটারদের নিরাপদে স্টেডিয়াম থেকে বের করে নেওয়া হয়।
ঘটনার বিস্তারিত নিশ্চিত করে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সচিব অনিল পটেল সংবাদমাধ্যমকে জানান, “হুমকি ইমেইলটি পাওয়ার সাথে সাথেই আমরা স্থানীয় পুলিশ প্রশাসন ও সাইবার বিভাগকে অবহিত করি। এর আগেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং আইপিএল চলাকালে একাধিকবার এমন ভুয়া বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। তবে খেলোয়াড় ও নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে আমরা কোনো ঝুঁকি নিইনি।”
পুলিশ সূত্রে আরও জানা গেছে, কেবল নরেন্দ্র মোদি স্টেডিয়ামই নয়, একই দিন আহমেদাবাদ হাইকোর্ট এবং নগরীর কয়েকটি স্বনামধন্য স্কুল-কলেজেও ইমেলের মাধ্যমে বোমা হামলার সমান্তরাল হুমকি দেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর এই স্টেডিয়ামেই বিখ্যাত গায়ক দিলজিৎ দোসাঞ্জের এক মেগা কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আয়োজনকে কেন্দ্র করেই একটি চক্র এমন লাগাতার হুমকি দিচ্ছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার মূল হোতাদের শনাক্ত করতে সাইবার ক্রাইম বিভাগ তদন্ত জোরদার করেছে এবং পুরো স্টেডিয়াম চত্বরে অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
