ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড রানে জিতল ইংল্যান্ড

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড রানে জিতল ইংল্যান্ড

হ্যারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি ও জস বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ পেল ইংল্যান্ড। এরপর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নূন্যতম লড়াইটুকুও করতে পারল না শ্রীলঙ্কার ব্যাটাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১১৯ রানে জিতে এগিয়ে গেল ইংলিশরা।

সাউদাম্পটনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান তোলেল ইংল্যান্ড। জবাবে ১৯ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি সবচেয়ে বড় রান ব্যাবধানের জয় ইংল্যান্ডের। ১১৯ রানের জয় সবমিলিয়ে চতুর্থ সর্বোচ্চ রানের জয় তাদের।

সাউদাম্পটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলে ইংল্যান্ড। অভিষেক ম্যাচ খেলতে নামা আনিউরিন ডোনাল্ড প্রথম ওভারেই মহীশ তিকশানাকে একটি ছক্কা ও চার মারেন। এরপর দুশমন্থ চামিরাকে টানা চারটি বাউন্ডারি হাঁকান বাটলার। ডোনাল্ড ১২ রান করে ফিরে গেলেও ব্রুক ক্রিজে আসার পর ইংল্যান্ডের রান তোলার গতি আরও বেড়ে যায়।

পাওয়ারপ্লের ছয় ওভারে ৯০ রান তোলে ইংল্যান্ড। এর মধ্যে ডুনিথ ভেল্লালাগের করা পঞ্চম ওভারেই আসে ৩০ রান। সেই ওভারে তিনটি ছক্কা ও তিনটি চার মারেন ব্রুক।

অপরপ্রান্তে ২৯ বলে ব্যাক্তিগত ফিফটি তুলে নেন বাটলার। এরপর মাত্র ২০ বলে ফিফটি করেন ব্রুক। ১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বাটলার ফিরলে ব্রুকের সঙ্গে ভাঙে ৬০ বলে ১২৮ রানের জুটি। ৪৪ বলে ৮০ রান করেন বাটলার, ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা।

 

বাটলার ফিরলেও রানের চাকা সচল রাখেন ব্রুক। মাত্র ৪২ বলে ক্যারিয়ারের সেঞ্চুরি পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক। এর মধ্য দিয়ে বেশ কিছু রেকর্ড নিজের করেছেন ব্রুক।

সাউদাম্পটনে এটি দ্রুততম সেঞ্চুরি। এর আগে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ব্রুকের ৪২ বলে করা সেঞ্চুরি ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম।

ইংল্যান্ডের হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক টি-টোয়েন্টি সেঞ্চুরি এখন ব্রুকের। তার সমান দুটি সেঞ্চুরি রয়েছে বাটলারের। চারটি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে ফিল সল্ট।

শেষ পর্যন্ত ৪৯ বলে ১১টি চার ও সাতটি ছক্কায় ১১৪ রানে অপরাজিত থাকেন ব্রুক। শেষ দিকে উইল জ্যাকসের ২১ রানের ক্যামিওতে আড়াইশো পেরোয়া ইংল্যান্ড।

২৫৫ রানের লক্ষ্য শ্রীলঙ্কার জন্য শুরু থেকেই কঠিন হয়ে দাঁড়ায়। পাওয়ার প্লেতে ৩২ রানে ৩ উইকেট হারায় তারা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি লঙ্কানরা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ডুনিথ ভেল্লালাগে। দাসুন শানাকার ব্যাট থেকে আসে ২৪ রান। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার ৩টি, জেমি ওভারটন ও লিয়াম ডসন ২টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন ব্রুক। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে