নবপ্রকাশ ডেস্ক:
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বাদ দিয়ে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে আহমেদ সোহেল ফসিহুর রহমানকে (এএসএফ রহমান) বহাল রেখে কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনে অনাপত্তি জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির দেওয়া বিশেষ এই অনাপত্তিপত্রে সালমান এফ রহমানের নাম সম্পূর্ণ বাদ রাখা হলেও আরও দুই শেয়ারহোল্ডার পরিচালককে স্বপদে বহাল রাখা হয়েছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনাপত্তি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়, যা পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রতিষ্ঠাতা পরিচালক এএসএফ রহমান সম্পর্কে কারারুদ্ধ সাবেক ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বড় ভাই। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে দুই ভাই দীর্ঘ পথপরিক্রমায় কোম্পানি পরিচালনা করে আসছিলেন, যেখানে এএসএফ রহমান চেয়ারম্যান এবং সালমান এফ রহমান ভাইস চেয়ারম্যানের পদে আসীন ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী সালমান এফ রহমান গত চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে বর্তমানে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।
বিএসইসির প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যমতে, এএসএফ রহমান ছাড়াও যে দুই শেয়ারহোল্ডার পরিচালককে রেখে নতুন পর্ষদ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন—ওসমান কায়সার চৌধুরী এবং ইকবাল আহমেদ। পুনর্গঠিত ৯ সদস্যের এই পর্ষদের বাকি সদস্যদের মধ্যে থাকবেন নতুনভাবে নিয়োগ পাওয়া চারজন স্বতন্ত্র পরিচালক। এছাড়া আইএফআইসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে মনোনীত একজন পরিচালক থাকবেন এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পদাধিকারবলে (এক্স-অফিসিয়) পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হবেন।
উলেখ্য, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড এবং শাইনপুকুর সিরামিক্সের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল তৎকালীন কমিশন। সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে রিট দায়ের করে বেক্সিমকো ফার্মা। প্রাথমিক শুনানি শেষে ২০২৫ সালের জানুয়ারিতে ওই আদেশের ওপর স্থগিতাদেশ জারি করে বিএসইসিকে কেন তা অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। পরবর্তীতে বিএসইসির আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ স্থগিতাদেশ প্রত্যাহার করে রুল নিষ্পত্তির নির্দেশ প্রদান করেন।
কমিশন জানিয়েছে, এসংক্রান্ত বিষয়ে আদালতের মৌখিক নির্দেশনার ওপর ভিত্তি করে বিএসইসির প্যানেলভুক্ত আইনজীবীর পরামর্শ নেওয়া হয়। পরবর্তীতে বিনিয়োগকারীদের সার্বিক স্বার্থ এবং বিশ্বস্ততা পুনর্বহালের কথা বিবেচনা করে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে পেশ করা ৯ সদস্যের নতুন পর্ষদ গঠনের প্রস্তাবিত আবেদনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বিএসইসি।
এদিকে বেশ কয়েক দিনের টানা পতনের পর চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে শেয়ারবাজারে। চার কার্যদিবস টানা পতনের পর গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৫৫০ পয়েন্টে। এর আগের চার কার্যদিবসে সূচকটি প্রায় ৭২ পয়েন্ট হারিয়েছিল। সূচক উত্থানের দিনে ডিএসইতে ১৮১টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পায়, বিপরীতে কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ছিল ৫৩টি কোম্পানির শেয়ারদর।
