ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেই কিশোরের জামিন মেলেনি

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেই কিশোরের জামিন মেলেনি

নবপ্রকাশ ডেস্ক

রাজধানীর বারিধারায় লাইসেন্সবিহীন ও অননুমোদিত কিশোরের গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত কিশোরের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

রোববার (৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে অভিযুক্ত কিশোরের পক্ষে জামিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী গোলাম মোস্তফা খান। শুনানিতে তিনি দাবি করেন, ঘটনার সময় প্রকৃত গাড়িচালক কৌশলে সটে পড়েন এবং অভিযুক্ত কিশোর নির্দোষ। তিনি আরও উল্লেখ করেন, আইন অনুযায়ী মামলাটিতে জরিমানার বিধান রয়েছে এবং ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষেও জামিনে কোনো আপত্তি নেই বলে আদালতে জানানো হয়।

জামিনের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন আদালতে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। অভিযুক্তের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং তার গাড়ি চালানোর অনুমতিও ছিল না। ফলে তাকে জামিন দেওয়া যুক্তিসঙ্গত নয়।

আদালতের নথি সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে গুলশান থানার বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এতে সেখানে কর্মরত নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ২৩ সেপ্টেম্বর পুলিশ গুলশানের একটি বাসা থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। গত ২৪ সেপ্টেম্বর আদালত তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় নিহতের ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে আকাশ মারাক (৪৪) নামের এক গাড়িচালককে আসামি করা হলেও পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারেনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে