পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আয়োজকরা জানিয়েছেন, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ ও নসিহত করবেন।
পক্ষকালব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে থাকবে ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত, বিষয়ভিত্তিক সেমিনারসহ নানা কর্মসূচি। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারগুলো বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানাতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীরও আয়োজন থাকবে।
এ ছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে থাকছে ইসলামী বইমেলাও।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় ধর্মপ্রাণ মুসল্লিদের এসব অনুষ্ঠান ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
