খেলাধুলা ডেস্ক
নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এশিয়ার ক্রিকেটে ভারত-বাংলাদেশের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের মাঠের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে সমর্থকদের মধ্যেও থাকে আলাদা উন্মাদনা। একসময় ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে যে উত্তাপ দেখা যেত, সময়ের সঙ্গে তা অনেকটাই কমেছে। সর্বশেষ ম্যাচেও পাকিস্তানকে সহজেই হারিয়েছে ভারত।
তবে বাংলাদেশের বিপক্ষে আজকের সেমিফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বেশ তুঙ্গে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার।
শারমিনের বিশ্বাস, ভারতকে হারানোর মানসিকতা না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখার কোনো অর্থ নেই। তাই শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ।
