স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের ক্যারম খেলার মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফেডারেশনের নিজস্ব নতুন ওয়েবসাইট লঞ্চিং এবং খেলোয়াড়দের অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ড. এম. এ. মুহিত, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক কার্যক্রমের শুভউদ্বোধন করেন।
একই অনুষ্ঠানে আগামী দিনে ইতালিতে অনুষ্ঠিতব্য নবম ওয়ার্ল্ড ক্যারম চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ ও প্রস্তুতি নিশ্চিত করতে খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পেরও শুভসূচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা দেশের অভ্যন্তরীণ ক্যারম খেলার ব্যাপক প্রচার-প্রসার, খেলোয়াড়দের বহুমুখী উৎসাহ প্রদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও ক্যারমের সাফল্য উজ্জ্বল করার ওপর জোরালো গুরুত্ব আরোপ করেন। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে এখন থেকে খেলোয়াড়দের নিবন্ধন ও ফেডারেশনের যাবতীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
