ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বাংলাদেশে বিনিয়োগের পথ উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের পথ উন্মুক্ত: প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

বাংলাদেশে উপযোগী ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের বার্তা খুবই স্পষ্ট—বাংলাদেশ ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত।’ তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বৈশ্বিক উৎপাদন, বিনিয়োগ ও সেবার কেন্দ্রে পরিণত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শুক্রবার ম্যানহাটনে জেপি মর্গানের সদর দফতরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে এসব কথা বলেন।

রাজনীতিতে প্রবেশের পূর্বে নিজের ব্যবসায়িক কর্মজীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের প্রধান শর্তই হলো আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির অনুকূল পরিবেশ। তিনি জানান, একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি এ দেশের মানুষের স্বার্থ রক্ষায় কাজ করছেন, আর ব্যবসায়ীরা কাজ করছেন নিজেদের বিনিয়োগের সুরক্ষায়; ভিন্ন দায়িত্ব হলেও উভয়ের লক্ষ্য শেষ পর্যন্ত সাফল্য অর্জন করা।

বাংলাদেশে বিনিয়োগের সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, ১৮ কোটিরও বেশি মানুষের এ দেশে রয়েছে বিপুল তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান। তৈরি পোশাক ও বড় উৎপাদনের বাইরেও এখন জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, কৃষি ও স্বাস্থ্যসেবায় বড় বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারী সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা সহজে নিজ দেশে ফেরত নেওয়ার সুযোগ এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, সরকার কোনো স্বল্পমেয়াদি সুবিধা নয়, বরং উভয় পক্ষের জন্য লাভজনক দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব চায়।

আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে বাণিজ্যিক সংযোগ জোরদার করা হচ্ছে। এছাড়া বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গ্যানের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

ওয়াল স্ট্রিটের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি সার্বক্ষণিক বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয় রেখে যাবতীয় বাধা দূর করতে কাজ করবেন। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো—অধিক বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তির স্থানান্তর।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে