ঢাকা
ঢাকা, শুক্রবার, ১৫ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ১৫ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মামুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মামুন

নবপ্রকাশ ডেস্কঃ
অধ্যাপক মামুন অর রশিদকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
অধ্যাপক মামুন অর রশিদ এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৫ সালের ১৩ মে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য শুচিতা শরমিন, সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী এবং কোষাধ্যক্ষ মামুন অর রশিদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, তৎকালীন উপাচার্য শুচিতা শরমিনের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অন্তর্বর্তী সরকার মামুন অর রশিদকে কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয়। পরে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই তার নিয়োগ এলো। গত ২০ এপ্রিল থেকে ৬০ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে শিক্ষকরা লাগাতার অসহযোগ আন্দোলন শুরু করেন। এর ফলে ক্লাস, চূড়ান্ত পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।
আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে শিক্ষকদের দেওয়া প্রশাসনিক ভবনের তালা ভাঙেন তৎকালীন উপাচার্য অধ্যাপক তৌফিক আলম। তবে বিকেলেই তাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়ার খবর আসে।
প্রসঙ্গত, নবনিযুক্ত উপাচার্য ড. মামুন অর রশিদ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। এছাড়া তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন(জেড আর এফ) বরিশাল চ্যাপ্টারের মনিটর এবং জিয়া পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে