ঢাকা
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ফেল করালো ইংরেজি ও গণিত, টেনে তুলল আইসিটি

ফেল করালো ইংরেজি ও গণিত, টেনে তুলল আইসিটি

ইংরেজি ও গণিতে চরম বিপর্যয়ের কারণে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার সামগ্রিক ফলাফলে বড় ধস নেমেছে। দুটি আবশ্যিক বিষয়ে অকৃতকার্য হওয়ার হার বাড়ায় গড়ে সার্বিক পাসের হার কমে যাওয়ার পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে প্রধান দুই বিষয়ের এই ভরাডুবির মধ্যেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে চমৎকার সাফল্য দেখিয়েছে শিক্ষার্থীরা; অধিকাংশ বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৮ থেকে ৯৯ শতাংশ।

শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকদের বিশ্লেষণে দেখা গেছে, মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীরাই গণিত ও ইংরেজিতে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে। বিশেষ করে মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া মানবিক বিভাগের শিক্ষার্থীদের এই দুই বিষীয় চরম দুর্বলতা পরিলক্ষিত হয়। তাদের এই ফলাফলের কারণে গত দুই দশকের মধ্যে এবার সর্বনিম্নের রেকর্ড গড়েছে এসএসসি ও সমমানের পাসের হার।

ইংরেজিতে বেশিরভাগ বোর্ডে পাসের হার কম

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে পাসের হার কম ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ইংরেজিতে পাস করেছে মাত্র ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী। আর গণিতে পাস করেছে ৬৯.৬১ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ, ফলাফলের তলানিতে থাকা ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে প্রতি ১০০ জনে ৩৩ জন ফেল করেছে। আর গণিতে প্রতি ১০০ জনে ৩০ জন ফেল করেছে।

শুধু ময়মনসিংহ নয়, ইংরেজিতে ৭০ শতাংশের নিচে পাসের হার বরিশাল ও সিলেট বোর্ডেও। বরিশাল বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৯.২৪ শতাংশ, সিলেটে ৬৯.১১ শতাংশ।

ইংরেজিতে ৭০ শতাংশ পাসের হার রয়েছে আরও ছয়টি বোর্ডে। সেগুলো হলো- যশোরে ইংরেজিতে পাস ৭১.৮৪ শতাংশ, চট্টগ্রামে ৭২.২৭ শতাংশ, রাজশাহীতে ৭৪.৭০ শতাংশ, ঢাকা বোর্ডে ৭৮.৪০ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৭৯.২১ শতাংশ।

ইংরেজি বিষয়ে ৮০ শতাংশের ওপরে (যা মোটামুটি সন্তোষজনক ধরা হয়) পাসের হার রয়েছে শুধুমাত্র কুমিল্লা ও কারিগরি শিক্ষা বোর্ডে। কুমিল্লা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৮১.২৯ শতাংশ এবং কারিগরিতে ৯৪ দশমিক ৭০ শতাংশ।

গণিতেও লেজেগোবরে অধিকাংশ বোর্ড

ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে গণিতে পাসের হার ৬৯ শতাংশের ঘরে। আরও পাঁচটি বোর্ডে পাসের হার ৭০ শতাংশের ঘরে। সেগুলো হলো- কারিগরি শিক্ষা বোর্ডে গণিতে পাস ৭০.৯২ শতাংশ, দিনাজপুরে ৭১.০৫ শতাংশ, সিলেটে ৭৫.৯৬ শতাংশ, রাজশাহীতে ৭৭.১৭ শতাংশ, বরিশালে ৭৭.৯৮ শতাংশ।

গণিতে ৮০ শতাংশের (মোটামুটি সন্তোষজনক বিবেচিত) ওপরে পাস করেছে ঢাকা, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা। এ কারণে এ বোর্ডগুলোর পাসের হার তুলনামূলক ভালো।

আইসিটিতে চমকপ্রদ ফল

প্রতি বছর এসএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে খারাপ ফল করে শিক্ষার্থীরা। তবে এবার অধিকাংশ বোর্ডেই আইসিটিতে প্রায় শতভাগ পাস করেছে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে এবার আইসিটিতে পাসের হার ৯৯ শতাংশের ওপরে।

আইসিটিতে ৯৮ শতাংশ পাস করেছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে। আইসিটিতে এবার সর্বনিম্ন ফল যশোরে, বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৭.৮৬ শতাংশ।

পদার্থ-রসায়ন-উচ্চতর গণিতেও ‘ভালো’

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ভালো ফল দেখা গেছে। ১১টি বোর্ডের মধ্যে সাতটি বোর্ডে পদার্থে ৯০ শতাংশের ওপরে পাসের হার। বাকি তিনটি বোর্ডে ৮০ শতাংশের ঘরে। রসায়নেও ৯০ শতাংশের ওপরে পাসের হার রয়েছে ৮টি বোর্ডে। বাকি তিনটি বোর্ডেও ৮২ শতাংশের ওপরে পাসের হার।

অন্যদিকে উচ্চতর গণিতে সব বোর্ডে ৯০ শতাংশের ওপরে পাসের হার রয়েছে। ইতিহাস, অর্থনীতিতেও পাসের হার সন্তোষজনক। তবে হিসাববিজ্ঞানে অধিকাংশ বোর্ডে পাসের হার ৮০ শতাংশের ঘরে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে