ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ফিফা উইন্ডোয় মেসির বিদায়ী ম্যাচ ও ‘ক্লাস এ’ জটিলতায় আর্জেন্টিনা

ফিফা উইন্ডোয় মেসির বিদায়ী ম্যাচ ও ‘ক্লাস এ’ জটিলতায় আর্জেন্টিনা

দোরগোড়ায় ফিফা আন্তর্জাতিক উইন্ডো। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চারটির মতো প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও আর্জেন্টিনার এখনো কোনো সূচিই চূড়ান্ত হয়নি। পরিস্থিতি সামলাতে ও গুঞ্জন থামাতে তড়িঘড়ি করে এক সংক্ষিপ্ত বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামীকাল (সোমবার) লিওনেল স্কালোনির দল সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে কাদের বিপক্ষে খেলবে, সেটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

ঘোষণা সোমবার দেওয়া হলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে হচ্ছে এএফএকে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিদেশে খেলা ফুটবলারদের দলে ডাকার (কল-আপ) ডেডলাইন আজ রোববার। লিগ বা ক্লাবগুলোকে আইনি নিয়ম মেনে সময়মতো ফুটবলারদের ডাকার জন্য স্কালোনিকে চূড়ান্ত তালিকা জমা দিতেই হচ্ছে।

দুটি প্রীতি ম্যাচ খেলা আর তিনটি খেলা এক ব্যাপার নয়। আবার ম্যাচগুলো আর্জেন্টিনায় হবে নাকি বিদেশে হবে, কিংবা প্রতিপক্ষের মান কেমন—এসব না জেনে চূড়ান্ত পরিকল্পনা সাজানো কঠিন। যদিও হোমে খেলার সম্ভাবনা বেশি। এ কারণে এএফএ’র সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছে স্কালোনের কোচিং স্টাফ।

আইনি জটিলতা নিরসনে ফিফার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এএফএ। দেশের মাঠে অন্তত একটি বা প্রয়োজনে দুই-তিনটি ম্যাচ খেলার ইচ্ছা এএফএর। যার ভেন্যু হিসেবে আলোচনায় আছে রিভার প্লেটের মনুমেন্তাল, কর্ডোবার কেম্পেস ও রোজারিওর একটি স্টেডিয়াম।

তবে সমস্যা হলো, ম্যাচগুলো নিজেদের মাঠে র‌্যাঙ্কিংয়ে নিচের দিকের প্রতিপক্ষের বিপক্ষে খেললে ফিফা সেগুলোকে ‘ক্লাস এ’ প্রীতি ম্যাচের মর্যাদা দিতে চায় না। আর ‘ক্লাস এ’ ম্যাচ না হলে স্পেনের বিপক্ষে ম্যাচের শেষ দিকের অনাকাঙ্ক্ষিত মারামারির কারণে নিষিদ্ধ হওয়া লিয়ান্দ্রো পারদেস, নাহুয়েল মোলিনা এবং থিয়াগো আলমাদারা তাঁদের শাস্তির মেয়াদী ম্যাচ পার (সার্ভ) করা শুরু করতে পারবেন না। এ কারণেই আর্জেন্টিনা চাইছে ফিফা যেন এই ম্যাচগুলোকে ‘ক্লাস এ’ হিসেবে স্বীকৃতি দেয়। সেটি সম্ভব হলেই কেবল সব ম্যাচ আর্জেন্টিনায় আয়োজন করা সম্ভব হবে।

স্পেনের বিপক্ষে ফাইনালে হারের পর স্কালোনি বলেছিলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত আছি। তারপর সভাপতির (ক্লাউডিও তাপিয়া) সঙ্গে কথা বলব। এখন একটু বিশ্রাম ও চিন্তাভাবনা করার প্রয়োজন।’

মেসির বিদায়ের ধাক্কার পরই স্কালোনের এই মন্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয়। এএফএ’র সঙ্গে তাঁর চুক্তি রয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত। সামনে রয়েছে দুটি ফিফা উইন্ডো, সেপ্টেম্বর-অক্টোবরের বর্ধিত উইন্ডো এবং নভেম্বরের উইন্ডো। অধিনায়ক মেসিকে ছাড়াই স্কালোনিকে আগামী রোববারই সম্ভাব্য স্কোয়াড জমা দিতে হবে। তবে প্রথমদিকের কড়া মন্তব্যের পর স্কালোনি কিছুটা নরম হয়েছেন। পর্যাপ্ত বিশ্রাম ও পর্যালোচনার পর তাঁর থাকার সম্ভাবনা এখন ইতিবাচক বলেই আভাস মিলছে।

সব হিসাব-নিকাশের মাঝে সবচেয়ে বড় আলোচনা—লিওনেল মেসিকে কি শেষবারের মতো দেশের মাটিতে আকাশী-সাদা জার্সিতে খেলতে দেখা যাবে?

যদিও মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত দুই দশকে একটি বিশ্বকাপ, দুই বিশ্বকাপ ফাইনাল ও দুটি কোপা আমেরিকা জেতানো এই জাদুকরকে ঘরের মাঠে ভক্ত-সমর্থকদের সামনে আনুষ্ঠানিক ও সশ্রদ্ধ বিদায় দেওয়ার দাবি এখন তুঙ্গে। এই দাবি থেকেই হ্যাশট্যাগ #PorLaUltimaDeLeo ক্যাম্পেইন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এএফএর উদ্যোগে সম্প্রতি কোপা আর্জেন্টিনার ভেলেজ ও বোকা জুনিয়ার্সের ম্যাচে ১০ম মিনিটে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে মেসিকে করতালি ও সম্মান জানায়। দেশের মাঠে তাঁর জন্য আরও একটি শেষ আনুষ্ঠানিক ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছে ভক্তরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে