নবপ্রকাশ ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিতদের মধ্যে এখনো বাকি থাকা ৮১৭ জন প্রার্থী আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। ডিপিও (জেলা প্রাথমিক শিক্ষা অফিস) থেকে নিয়োগপত্র ইস্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের তথ্য ভেরিফিকেশন ও ঠিকানা পরিবর্তনের কারণে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে যাচাই-বাছাই ও পর্যায়ক্রমিক ভেরিফিকেশন চলছে। আগামী ১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগপত্র প্রদান করা হবে। যাদের নিয়োগ প্রক্রিয়া এই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে না, তাদের আবেদন পর্যবেক্ষণ ও রিভিউ করে প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবে মন্ত্রণালয়।
