ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন, জেনে নিন সময়সূচি

প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন, জেনে নিন সময়সূচি

নবপ্রকাশ ডেস্ক:

একদিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখানে স্থানীয় অধিবাসীদের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী এবং বেলা দেড়টায় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন।

উক্ত অনুষ্ঠানে সুবিধাবোধীদের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করবেন তিনি। সফরসূচি শেষে বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

পরশুরামে উদ্বোধন হতে যাওয়া মুহুরী-কহুয়া প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা, যা গত ১৬ জুন একনেক বৈঠকে অনুমোদিত হয়। ২০৩০ সালের মধ্যে সমাপ্তির লক্ষ্যে নির্ধারিত এই প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।

অন্যদিকে, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার বিভিন্ন সরকারি ভবনের ছাদে ৯৬২ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যা সরাসরি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার ক্ষেত্রে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফ, পিজিআর, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন ও তদারকি করছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফরটি পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের বদলে পুনর্নির্ধারণ করে ১ অক্টোবর তারিখ ধার্য করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে